শিরোনাম

এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি
আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর প্রথমবারের মতো এ বিষয়ে নিজের মনের কথা প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাতে ফাইনাল শেষে কোনো সাক্ষাৎকার না দিয়ে মাঠ ছাড়েন মেসি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতির কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বার্তায় মেসি লেখেন, ‘কষ্টটা অনেক বড় এবং এই ক্ষত শুকাতে বেশ কিছুটা সময় লাগবে।

তবে আমি সব ইতিবাচক স্মৃতিগুলো মনে রাখতে চাই...যেভাবে আমরা নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়েছিলাম, তা সারাজীবন স্মরণে থাকবে। পুরো দেশের সমর্থন এবং এই দলের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলেই আমরা আবারও, আরও একবার বিশ্বের সেরাদের কাতারে পৌঁছাতে পেরেছিলাম।

আজ হয়তো আমরা যা করেছি তার সঠিক মূল্যায়ন করা কঠিন, তবে এই দলটি টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে।’

দেশবাসী ও বিশ্বজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি আরও লেখেন, ‘আপনাদের প্রতিটি শুভকামনা ও বার্তার জন্য হৃদয় থেকে অনেক ধন্যবাদ। আরও একবার আমরা এক দেশ হিসেবে ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং আর্জেন্টাইন হিসেবে নিজেদের অসীম গর্বের মুহূর্তগুলো একসাথে ভাগ করে নিয়েছি। শিরোপা জয়ের জন্য আমি স্পেনকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

৩৯ বছর বয়সী মেসির বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার বা জাতীয় দলের হয়ে খেলা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত ছিল না।

/টিই/