শিরোনাম

আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনাকে বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া
আলজেরিয়া ফুটবল দল। ছবি: ফেসবুক

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে আলজেরিয়া। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা একই গ্রুপে। এই জয় দিয়ে আলবিসেলেস্তেদের বার্তা দিয়ে রাখলো আলজেরিয়া।

ম্যাচজুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমজমাট ছিল খেলা, তবে গোল হয়েছে মাত্র একটি। ম্যাচের ৮৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে জোরালো শটে গোল করেন আনিস মুসা। ২৪ বছর বয়সী উইঙ্গার ক্লাব ফুটবলে খেলেন ডাচ ক্লাব ফাইনর্টের হয়ে।

আলজেরিয়ার জয়ের আরেক নায়ক গোলকিপার লুকা জিদান। নেদারল্যান্ডস ১৪টি শট নেয় গোলে, ৫টি ছিল লক্ষ্যে। লুকা জিদান ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে।

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে এই আলজেরিয়ার বিপক্ষেই খেলবেন লিওনেল মেসিরা! গ্রুপের অন্য দুই দল অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আলজেরিয়া আগামী বুধবার খেলবে বলিভিয়ার বিপক্ষে।

বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে এই হার নেদারল্যান্ডসের জন্য বড় ধাক্কা। যদিও ঘুরিয়ে-ফিরিয়ে অনেককে বাজিয়ে দেখেছেন কোচ, তার পরও এই হারকে জেগে ওঠার ডাক ভার্জিল ফন ডাইকের।

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের আগে আরেকটি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। বিশ্বকাপ শুরু করবে তারা ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

/টিই/