শিরোনাম

নকআউটের লড়াইয়ে মুখোমুখি কেপ ভার্দে ও সৌদি আরব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নকআউটের লড়াইয়ে মুখোমুখি কেপ ভার্দে ও সৌদি আরব
কেপ ভার্দের মিডফিলাডার কেভিন পিনা

ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে এশিয়ার পরাশক্তি সৌদি আরব ও আফ্রিকার চমক কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর এই বাঁচা-মরার লড়াইয়ে দুই দলের জন্যই সমীকরণ বেশ জটিল হলেও নকআউটের দৌড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো খেলতে আসা কেপ ভার্দে।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বমঞ্চে পা রেখেই স্পেন ও উরুগুয়ের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়ে বড় চমক দেখিয়েছে আফ্রিকার এ দেশটি। সৌদি আরবের বিপক্ষে জয় পেলেই কোনো সমীকরণ ছাড়াই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে নতুন ইতিহাস গড়বে তারা। এমনকি ম্যাচটি ড্র হলেও তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে, তবে সেক্ষেত্রে সেরা তৃতীয় দলের ভাগ্য এবং একই সময়ে চলতে থাকা স্পেন-উরুগুয়ে ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে আফ্রিকান দলটিকে।

অন্যদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা সৌদি আরবের সামনে নকআউটে যাওয়ার একমাত্র পথ কেবলই জয়। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করে আশা জাগালেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে বেশ কঠিন সমীকরণের মুখে পড়েছে এশিয়ার দলটি। তবে শুধু জিতলেই চলবে না সৌদির, শেষ বত্রিশের টিকিট পেতে হলে একই সময়ে হতে যাওয়া অন্য ম্যাচে উরুগুয়ের হার এড়ানোও প্রার্থনা করতে হবে তাদের। কারণ উরুগুয়ে জিতে গেলে সৌদি আরব জয় পেলেও গোল ব্যবধান কিংবা পয়েন্টের মারপ্যাঁচে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে পারে। একই সময়ে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় এইচ গ্রুপ থেকে কারা শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়বে, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে শেষ বাঁশি বাজা পর্যন্ত।

/এমএকে/