শিরোনাম

পারফরম্যান্সে মন ভরেনি, জিতেও অসন্তুষ্ট ইংল্যান্ড কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পারফরম্যান্সে মন ভরেনি, জিতেও অসন্তুষ্ট ইংল্যান্ড কোচ
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল

২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ইংল্যান্ড। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করলেও স্বস্তিতে নেই ইংলিশ ডাগআউট। জয়ের আনন্দের চেয়ে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টিই বেশি ঝরে পড়ল কোচ থমাস টুখেলের কণ্ঠে। ম্যাচ জয়ের কৃতিত্ব দলের কৌশলের চেয়ে ভাগ্যের ওপরেই বেশি দিয়েছেন এই জার্মান মাস্টারমাইন্ড।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে জুড বেলিংহামের দুর্দান্ত জোড়া গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে এবার তাদের মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। রোমাঞ্চকর এ জয়ের পরও ম্যাচ শেষে টুখেলকে কোনো উদযাপনে মাততে দেখা যায়নি। মাঠেই দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, খেলোয়াড়রা মাঠের লড়াইয়ে নিজেদের জন্য পরিস্থিতি অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে তুলেছিলেন। শেষ চারে উঠতে পারাটা দারুণ অনুভূতি হলেও দলের এমন গা-বাঁচানো পারফরম্যান্সে তিনি কোনোভাবেই সন্তুষ্ট নন।

শিষ্যদের নিবেদনের প্রশংসা করলেও কৌশলের ঘাটতি নিয়ে হতাশা লুকাতে পারেননি ইংলিশ কোচ। তার মতে, খেলোয়াড়রা মাঠে অতি-নিরাপদ ফুটবল খেলার চেষ্টা করেছে এবং তাদের খেলায় প্রয়োজনীয় আক্রমণাত্মক মনোভাবের অভাব ছিল। তাই এ জয়কে মূলত ভাগ্যের সহায়তা হিসেবেই দেখছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে মহারণে নামার আগে দলকে আরও পরিণত হওয়ার তাগিদ দিয়ে টুখেল জানান, পরবর্তী ম্যাচের আগে হাতে থাকা তিন দিন সময়কে তারা নিজেদের ঘাটতি পূরণে কাজে লাগাতে চান।

/এমএকে/