শিরোনাম

সাকিব খেলবেন জন্মভূমি বাংলাদেশের বিপক্ষে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সাকিব খেলবেন জন্মভূমি বাংলাদেশের বিপক্ষে
নাজমুস সাকিব

প্রথমবারের মতো মালয়েশিয়া ক্রিকেট দলের জার্সি গায়ে নিজ জন্মভূমি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন নাজমুস সাকিব। খুলনা জেলার হয়ে বয়সভিত্তিক পর্যায়ে একাধিক দলে খেলেছেন নাজমুস সাকিব। ক্লাব ক্রিকেট খেলার সময় পরিবারের আর্থিক সংকটের কথা মাথায় রেখে মালয়েশিয়ায় পাড়ি দেন তিনি।

বুধবার (৫ আগস্ট) ঢাকায় পা রেখেছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে তারা বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে যথাক্রমে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

এই সিরিজ বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্রিকেটে নতুন অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে। ভিনদেশি দলের হয়ে নিজের মাটির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী সাকিব।

সাকিব নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘একজন বাংলাদেশি হয়ে অন্য দেশের জাতীয় দলের জার্সি গায়ে জন্মভূমির বিপক্ষে মাঠে নামার এই অনুভূতি সত্যিই রোমাঞ্চকর, গৌরবময় এবং তুলনাহীন।’

মালয়েশিয়ায় গিয়ে ঘুরে ঘুরে নিয়মিত টেপ টেনিস ক্রিকেট খেলেছেন নাজমুস সাকিব। পরে মালয়েশিয়ার এক ক্রিকেটারের মাধ্যমে সুযোগ পান স্থানীয় ক্লাবে। সেখানে ভালো পারফরম্যান্স করে রাজ্য দলে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সাকিবকে।

২০২৪ সালে এসিসি প্রিমিয়ার কাপ দিয়ে মালয়েশিয়া জাতীয় দলে অভিষেক হয় নাজমুস সাকিবের। দলটির হয়ে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

মালয়েশিয়া দলের কোচ হিসেবে আছেন ডেভ হোয়াটমোর। তিনি ভালো করেই জানেন বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে।

বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় অনুশীলন শেষে মালয়েশিয়া দল ৮ ও ১০ অগাস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি দলের মুখোমুখি হবে টি-টোয়েন্টিতে। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া।

/টিই/