অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি
কোচ মাইক হাসি

অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক তারকা ব্যাটার মাইক হাসি। এর আগে হাসি অজি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে স্বল্পমেয়াদে কাজ করেছেন।

হাসি এবার বড় সময়ের জন্য যুক্ত হচ্ছেন উত্তরসূরীদের সঙ্গে। এর আগে অবশ্য ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ারও প্রস্তাব পেয়েছিলেন মাইক হাসি। তবে হাসি তাতে রাজি হননি।

অস্ট্রেলিয়ার কোচিং পরামর্শকের দায়িত্ব পেয়ে সাবেক এই তারকা বেশ উচ্ছ্বসিত। হাসি বলেন, ‘আগামী বছরগুলোতে আরও আনুষ্ঠানিক ও অর্থবহ ভূমিকায় এই দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সাম্প্রতিক সময়ে এই দলটি অনেক কিছু অর্জন করেছে। সামনে যে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং সময় আসছে, তাতে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের দলে আমি আমার অবদান রাখতে পারবো বলে আশা করি।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ম্যাথু মটের অধীনে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলে ছিলেন হাসি। অস্ট্রেলিয়ার আসন্ন বড় সিরিজগুলোয় মনোযোগ দেওয়ার স্বার্থে প্রধান কোচ ম্যাকডোনাল্ড টি-টোয়েন্টি সিরিজগুলোয় থাকবেন না। সহকারী কোচ আন্দে বোরোভেক থাকবেন দায়িত্বে। তার সঙ্গে হাসি থাকবেন।

/টিই/