৬ উইকেটে হাসান মাহমুদের রেকর্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৬ উইকেটে হাসান মাহমুদের রেকর্ড
হাসান মাহমুদ। ফাইল ছবি

হাসান মাহমুদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাস গড়ে ফেলেছেন। বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে।

হাসান মাহমুদের ক্যারিয়ারে এটি ১৯তম টেস্ট। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি টেস্ট খেলেছেন অন্তত ২৫ জন ক্রিকেটার। এর মধ্যে পেসার ছিলেন ৫ জন। তাদের মধ্যে শাহাদাত হোসেন খেলেছেন সবচেয়ে বেশি ৩৮ ম্যাচ, সর্বোচ্চ ফাইফারের রেকর্ডটা ছিল তার দখলে, ৪টি।

ম্যাচের প্রথম দিনে ২টি উইকেট তুলে নিয়েছিলেন হাসান। আজ শুক্রবার (৬ নভেম্বর) হাসান নিয়েছেন আরও ৪ উইকেট।

আমির জাঙ্গুকে বোল্ড করে দিনের শুরুটা করেছেন। এরপরের বলে রস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। পরের বলে জশুয়া বিশপকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ডিআরএস বাঁধা না হলে হ্যাটট্রিকটাও হয়ে যেতো!

তবে সেই বিশপকে পরে আউট করেন হাসান। সঙ্গে সঙ্গে কীর্তিটা গড়া হয়ে যায় তার। টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট পাওয়া বাংলাদেশি পেসার বনে যান হাসান মাহমুদ।

হাসান মাহমুদ ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৬ উইকেট তুলে নিয়েছেন এক ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ উইকেট নিতে তিনি খরচ করেন ৯০ রান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৩৫৬ রানে। দিন শেষে বাংলাদেশ করেছে ৩ উইকেটে ৮৮ রান।

এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি হাসান মাহমুদ বাদেও আছে আরও ৬ বাংলাদেশি পেসারের। তারা হলেন- শাহাদাত হোসেন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম রানা।

/টিই/