শিরোনাম

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলো ইতালি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলো ইতালি
২২ রানে ৩ উইকেট নেন স্যাম কারান। ছবি: ক্রিকইনফো

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি আগের ম্যাচে নেপালকে হারিয়েছিল। এবার ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলো তারা। হাই-স্কোরিং ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাট করে তোলে ৭ উইকেটে ২০২ রান। জবাব দিতে নেমে প্রথম ওভারে ২ উইকেট হারালেও শেষ পর্যন্ত লড়াই করে গেছে ইতালি। নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয় ইউরোপের দেশটি।

ম্যাচ হারলেও ইংলিশদের মনে ঠিকই ভীতি সঞ্চার করেছে ইতালি। কলকাতার ইডেন গার্ডেন্সে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানে ৩ উইকেট হারায় ইতালি। তবে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার জাস্টিন মস্কা। বেন মানেনতির সঙ্গে জুটি গড়েন।

মানেনতি মাত্র ২৫ বলে ৬০ রান করেন। তার ইনিংসে ছিল ৪ চার ও ৬ ছক্কা। মানেনতি ফিরলে ভাঙে চতুর্থ উইকেটে ৯২ রানের জুটি। এই জুটি ভাঙার পর দ্রুত ফেরেন জাস্টিনও। তিনি ৩৪ বলে ৪৩ রান করেন। এরপর আবার দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ২৩ বলে ৪৫ রান করে হারের ব্যবধান কমিয়েছেন গ্রান্ট স্টেওয়ার্ট।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন জেমি ওভারটন ও স্যাম কারান। জোফরা আর্চার নেন ২ উইকেট।

তার আগে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। মাত্র ২২ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও চারটি ছয়ে সাজানো। এমন ইনিংসে ম্যাচসেরাও হন জ্যাকস।

এছাড়া ফিল সল্ট ২৮, বেথেল জ্যাকব ২৩, টম ব্যান্টন ৩০, হ্যারি ব্রুক ১৪, স্যাম কারান ২৫, জেমি ওভারটন ১৫ রান করেন।

/টিই/