শিরোনাম

চেন্নাইয়ের হল অব ফেমে রায়না-হেইডেন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
চেন্নাইয়ের হল অব ফেমে রায়না-হেইডেন
সুরেশ রায়না ও ম্যাথু হেইডেন। কোলাজ: সিটিজেন জার্নাল

আইসিসির ‘হল অব ফেম’ আছে, বিভিন্ন দেশের ও সংস্থারও আছে। এবার প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল হিসেবে ‘হল অব ফেম’ চালু করলো চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দলটি তাদের কিংবদন্তিদের তালিকায় প্রথম দুই সদস্য হিসেবে যোগ করেছে সাবেক দুই আগ্রাসী বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না ও ম্যাথু হেইডেনকে।

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে চেন্নাইয়ে আয়োজন করা হয় চেন্নাই সুপার কিংসের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে মিলনমেলা। বর্তমান ও সাবেকদের প্রীতি ক্রিকেট ম্যাচ, এ আর রহমানের গানসহ নানা আয়োজন ছিল সেখানে।

জমকালো এ আয়োজনে আনুষ্ঠানিকভাবে ‘হল অব ফেম’ এ অন্তর্ভুক্ত করা হয় রায়না ও হেইডেনকে।

আইপিএলের যৌথভাবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ও রেকর্ড পাঁচবারের রানার্স আপ দল চেন্নাই। রেকর্ড ১২ বার তারা খেলেছে প্লে-অফ।

‘হল অব ফেম’ চালুর ঘোষণায় সামাজিক মাধ্যমে রায়না ও হেইডেনকে নিয়ে সামাজিক মাধ্যমে চেন্নাই লিখেছে, ‘ঐতিহ্য শুরুর আগে…ছিলেন এই দুজন। আমাদের প্রথম হল অব ফেম সদস্য: সুরেশ রায়না ও ম্যাথু হেইডেন।’

অনুষ্ঠানে দুজনের হাতেই তুলে দেওয়া হয় স্মারক। চেন্নাইয়ের ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে উঠে তা গ্রহণ করেন হেইডেন।

রায়না আইপিএল ক্যারিয়ারে ১৩ মৌসুমের ১১টিতেই চেন্নাইয়ে খেলেছেন। দলটি দুই মৌসুম নিষিদ্ধ থাকার সময় খেলেছিলেন গুজরাট লায়ন্সে। ৫ হাজার ৫২৯ রান করে এখনও এই ফ্র্যাঞ্চাইজির সফলতম ব্যাটসম্যান তিনি। চেন্নাইয়ের পাঁচ আইপিএল শিরোপার প্রথম চারটিতেই ছিলেন রায়না।

হেইডেন আইপিএলকে পেয়েছিলেন ক্যারিয়ারের গোধূলি বেলায়। তিন মৌসুম আইপিএলে খেলেছেন, প্রতিটিতেই ছিলেন চেন্নাইয়ে। দলটির হয়ে ৩২ ম্যাচে তার রান ১৩৭.৫১ স্ট্রাইক রেটে ১ হাজার ১০৭।

/টিই/