৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছেন রস্টন চেজ

২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে। রস্টন চেজের এক ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ দল। ১০ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে রেখেছেন চেজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১৩ ওভারে ৪ উইকেটে ৩৪ রান। অবশ্য আপাতত খেলা বন্ধ আছে, মিরপুরে হানা দিয়েছে বৃষ্টি।

এর আগে নিজের খেলা দ্বিতীয় বলেই আউট হন তানজিদ হাসান। জোসেফের করা বলটি ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন তানজিদ (০)। প্রথম ইনিংসেও ব্যর্থ হন তিনি। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করেন চেজ। তাওহীদ হৃদয় নেমে প্রথম বলে কোনো রান নিতে পারেননি। দ্বিতীয় বল হাওয়ায় ভাসিয়ে খেলে ক্যাচ আউট হয়েছেন হৃদয় (০)।

প্রথম ইনিংসে ৪২ রান করা হৃদয় হয়তো বড় শট খেলে চেজকে চাপে ফেলতে চেয়েছিলেন। কিন্তু টেস্ট ম্যাচে উইকেটে এসেই দ্বিতীয় বলে হাওয়ায় ভাসিয়ে খেলার প্রয়োজন ছিল কি না সেই জবাব হয়তো হৃদয়ই দিতে পারবেন।

এক ওভার পর ফিরেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন চেজ। রিভিউ নিয়েছিলেন শান্ত। কিন্তু লাভ হয়নি।

/টিই/