শিরোনাম

হাসান মাহমুদকে হারিয়ে হতাশ কেন্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হাসান মাহমুদকে হারিয়ে হতাশ কেন্ট
বাংলাদেশি পেসার হাসান মাহমুদ

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ প্রমোশনের লড়াইয়ে আর দুটি ম্যাচ বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়েই কেন্টের বোলিং আক্রমণের বড় অস্ত্র হাসান মাহমুদকে দেশে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হাসানের বিদায়কে বড় ক্ষতি বলে মনে করছে কাউন্টি দলটি। বাংলাদেশের বোর্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তারা এখন তাকিয়ে দলের অন্য দুই বিদেশি পেসারের দিকে।

কাউন্টিতে হাসান মাহমুদ অভিষেকেই ৯ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন দলকে। পরের ম্যাচগুলোতে ধরে রাখেন সেই পারফরম্যান্স। চার ম্যাচে শিকার করেছেন ২৬ উইকেট।

হাসান মাহমুদের বোলিং গড় ১৫.৭৬। ডিভিশন টু-তে অন্তত ২০ উইকেট শিকারি বোলারদের মধ্যে সেরা গড় এটি। ১০টির বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট তার।

হাসানের খেলা চার ম্যাচের তিনটিই জিতেছে কেন্ট। বাকি ম্যাচগুলির জন্যও বিসিবির অনাপত্তিপত্র পেয়েছিলেন এই পেসার। কিন্তু সিদ্ধান্ত বদল করে তাকে দেশে ফিরতে বলেছে বোর্ড। মূলত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি ও সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখেই হাসানকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বিবৃতিতে বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দিকের ম্যাচগুলোর জন্য হাসানকে হারানোয় আমরা হতাশ। কিন্তু গঠনমূলক আলোচনার পর বিসিবির সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং তার জন্য শুভকামনা জানাই। যদিও হাসানের অনুপস্থিতি বড় এক ক্ষতি, শেষ দুটি ম্যাচে পাওয়া যাবে আমাদের অন্য দুই বিদেশি পেসার কিথ ডাজন এবং খালেদ আহমেদকে।’

/টিই/