শিরোনাম

১৩ বলে ফিফটি, আইপিএলে উর্ভিলের রেকর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১৩ বলে ফিফটি, আইপিএলে উর্ভিলের রেকর্ড
ছবি: সংগৃহীত

বাইশ গজে ঝড় তুলে আইপিএলের ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসালেন চেন্নাই সুপার কিংসের ভারতীয় ব্যাটার উর্ভিল প্যাটেল। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বিধ্বংসী মেজাজে ব্যাট করে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করে এ নজির গড়েন তিনি। এর আগে ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী জয়সওয়ালও ১৩ বলে ফিফটি করার কীর্তি গড়েছিলেন। এবার সেই যৌথ রেকর্ডের চূড়ায় নাম লেখালেন তরুণ এ ব্যাটার।

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট করতে নামেন উর্ভিল। ক্রিজে গিয়ে প্রথম বলে এক রান নিয়ে থিতু হতেই শুরু করেন বোলারদের ওপর তান্ডব। লখনৌ পেসার আভেশ খানের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে নিজের মারমুখী মেজাজ বুঝিয়ে দেন তিনি। পরের ওভারে দিগ্বেশ রাঠির ওপর আরও বেশি চড়াও হয়ে টানা চার বলে আদায় করে নেন ছক্কা, ছক্কা, চার ও ছক্কা। এ তাণ্ডবের মাঝেই একটি ছক্কায় বল আছড়ে পড়ে ৯৮ মিটার দূরে। মাত্র ১১ বলে ৪৮ রানে পৌঁছে দ্রুততম ফিফটির একক রেকর্ড গড়ার প্রবল সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ১৩তম বলে পঞ্চাশের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ফিফটি পূর্ণ করার পরও ব্যাটিং আগ্রাসন থামাননি উর্ভিল। আউট হওয়ার আগে ২৩ বলে ৬৫ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ৮টি ছক্কার বিপরীতে চারের মার ছিল মাত্র ২টি। আইপিএলে এটি উর্ভিলের দ্বিতীয় মৌসুম হলেও গত বছর গুজরাট টাইটানসের ডাগআউটে বসেই সময় কাটত তার, খেলার সুযোগ পাননি একটি ম্যাচও। তবে চেন্নাইয়ের জার্সিতে সুযোগ পেয়েই নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন এ ক্রিকেটার।

/এমএকে/