শিরোনাম

অধিনায়ক হিসেবে অভিষেকে ব্যাট হাতে ব্যর্থ হৃদয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অধিনায়ক হিসেবে অভিষেকে ব্যাট হাতে ব্যর্থ হৃদয়
বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোটের কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। তার অনুপস্থিতিতে এ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। এর মাধ্যমে দেশের টি-টোয়েন্টি ইতিহাসের ১৩তম অধিনায়ক হিসেবে টস করার নজির গড়লেন এ তরুণ ব্যাটার।

নেতৃত্বের অভিষেক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হৃদয়। তবে অধিনায়কত্বের প্রথম দিনে ব্যাট হাতে রান পাননি তিনি। ক্রিজে এসে মাত্র ৫ বল খেলে একটি ছক্কার সাহায্যে ৮ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর আগে দিন সংবাদ সম্মেলনে নিজের খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’ বলে জানিয়েছিলেন লিটন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।

লিটনের ম্যাচ মিস করার সুনির্দিষ্ট কারণ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বলেছে, মূলত মাংসপেসির চোটের কারণেই প্রথম টি-টোয়েন্টিতে খেলছেন না তিনি। মেডিকেল পরীক্ষায় তার বাম পায়ের কাফ পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। তবে চোটটি গুরুতর নয় এবং তিনি দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন। তিনি উল্লেখ করেন, প্রথম ম্যাচে খেলতে না পারলেও পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করে সিরিজের পরের ম্যাচগুলোতে লিটনের ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। আপাতত মেডিকেল টিম তার অবস্থার ওপর নিবিড় নজর রাখছে।

/এমএকে/