শিরোনাম

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন শরিফুল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন শরিফুল
শরিফুল ইসলাম

বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের পুনবার্সন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে অগ্রগতি হচ্ছে দ্রুত। ফিটনেস পরীক্ষার সময়ও তাই আসছে এগিয়ে। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় টেস্টের স্কোয়াডের জন্য বিবেচনায় থাকবেন এই পেসার।

চোটের কারণে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের দলে নেই শরিফুল। সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোটে পড়ে দেশে ফেরত আসতে হয় তাকে। বোলিং অনুশীলন শুরু করলেও পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে বাড়ছে তার ওয়ার্কলোড।

সূচি অনুযায়ী, আগামী বুধবার তার ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে দুই দিন এগিয়ে এনে সোমবার মিরপুরে শরিফুলের ফিটনেস পরীক্ষা হতে পারে।

বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘টেস্ট খেলার জন্য সপ্তাহে যে পরিমাণ বল করার কথা, সেই বোলিং না করলে ওকে ছাড়তে পারছি না। ইস্যু হচ্ছে ওয়ার্কলোড। জাতীয় দলের ফিজিও যে বোলিং পরিকল্পনা দিয়েছে, সেটি এই মাসের ১১ বা ১২ তারিখে স্পর্শ করবে।’

ফিজিও জানালেন, ২৫ বছর বয়সী এই পেসার এখন পুরোদমেই বোলিং করতে পারছেন।

আগামী বৃহস্পতিবার শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ডারউইন টেস্ট।

/টিই/