শিরোনাম

ভারতীয় নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দেন রশিদ খান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারতীয় নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দেন রশিদ খান
রশিদ খান। ছবি: সংগৃহীত

ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার রশিদ খান। নিজের আত্মজীবনী ‘রশিদ খান: ফ্রম স্ট্রিট টু স্টারডম’-এ তিনি এই তথ্য উল্লেখ করেন।

ডানহাতি এই লেগ স্পিনার জানান, তাকে ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করে নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলার সিদ্ধান্তেই অটল ছিলেন।

বইয়ে রশিদ খান ২০২৩ সালে আইপিএল খেলার সময়ের একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, একদল কর্মকর্তা তাকে জানান, ভারতীয় ক্রিকেটের একজন ‘উচ্চপদস্থ ব্যক্তি’ তার সঙ্গে দেখা করতে চান।

স্মৃতিচারণ করে তিনি লেখেন, ওই ব্যক্তি তাকে বলেন, ‘তোমার দেশের (আফগানিস্তান) পরিস্থিতি খুব খারাপ। তুমি ভারতে এসে থাকো। আমরা তোমাকে ভারতীয় নথিপত্র দেব, এখানে থেকে খেলো।’

এই প্রস্তাবে বিস্মিত হলেও রশিদ শান্তভাবে উত্তর দেন। তিনি বলেন, ‘আমি আফগানিস্তানের হয়ে খেলছি। আমি আমার দেশকেই প্রতিনিধিত্ব করতে চাই।’

তিনি আরও জানান, তাকে শুধু ভারত নয়, অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও নাগরিকত্ব গ্রহণ ও সেখানে খেলাধুলা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নিজের দেশের প্রতি আনুগত্য বজায় রেখে সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেন রশিদ খান।

নিজের বইয়ে তিনি লেখেন, ‘আমি অস্ট্রেলিয়া এবং ভারত উভয় দেশ থেকেই এই ধরনের প্রস্তাব (নাগরিকত্ব এবং খেলার) পেয়েছি। কিন্তু আমি তাদের বলেছিলাম, ‘যদি আমি আমার দেশের হয়ে না খেলি, তাহলে অন্য কোনো দেশের হয়েও খেলব না।’

সূত্র: এনডিটিভি

/জেএইচ/