শিরোনাম

কিছু খুঁজে না পেলে অ্যাকাউন্টগুলো সচল করে দিন: সাকিব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কিছু খুঁজে না পেলে অ্যাকাউন্টগুলো সচল করে দিন: সাকিব
সাকিব আল হাসান

ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তিনি দুই বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে প্রস্তুত। দুর্নীতি দমন কমিশনের তদন্তের কারণে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আটকে তা সচল করে দেওয়ারও আহ্বান জানান সাকিব।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। ২০২৪ সালের শেষের দিকে, তাকে নিরাপত্তা দেওয়া হবে এই শর্তে তখন অন্তর্বর্তীকালীন সরকারের আশ্বাসে দেশে ফিরতে ফ্লাইটে উঠেছিলেন। বিমানবন্দর লাউঞ্জ থেকে কর্মকর্তাদের ফোন করে তিনি যাত্রার বিষয়টি নিশ্চিত হন। কিন্তু ভ্রমণের মাঝপথে সাকিবকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি দুবাইয়ে নেমে যান এবং সেখান থেকে নিউইয়র্কে ফিরে যান।

সাকিব বলেন, ‘১২ ঘণ্টার মধ্যে কী পরিবর্তন হলো আমি জানি না।’

পরবর্তীতেও সাকিবের ফেরার পরিকল্পনা ভেস্তে যায়, যখন তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সাকিব বলেন, ‘আমি বুঝতে পারছি না বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার কারণ কীভাবে এটি হতে পারে।’

শেখ হাসিনা ও আওয়ামী লীগ থেকে দূরত্ব বজায় রাখলে দেশে ফেরা সহজ হতে পারে, সাবেক কর্মকর্তাদের এমন পরামর্শ প্রত্যাখ্যান করেছেন সাকিব।

২০২৪ সালে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করা সাকিব জানান, বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলার কার্যক্রম চলছে। একটি অভ্যুত্থানের সময় হত্যার অভিযোগ অন্যটি দুর্নীতি দমন কমিশনের আনা দুর্নীতির অভিযোগ।

অভ্যুত্থানের হত্যা মামলাটি ‘হাস্যকর মামলা’ মন্তব্য করে সাকিব জানান, ওই মামলায় এখনো তিনি নিজের কোনো আইনজীবী নিয়োগ করেননি।

সাকিব বলেন, ‘গত ১০ বছর ধরে যখন কেউ সর্বোচ্চ করদাতা খেলোয়াড় হন এবং সব কর ও পাওনা পরিশোধ করে থাকেন, তারপরও তদন্তের জন্য তার অ্যাকাউন্ট দেড় বছর ধরে জব্দ করে রাখা হয়...আমি আপনাদের প্রয়োজনীয় সব তথ্য দেবো, কিন্তু আপনারা যদি কিছু খুঁজে না পান, তবে অনুগ্রহ করে অ্যাকাউন্টগুলো সচল করে দিন।’

সাকিব জানান, বাংলাদেশে অবস্থান করা বাবা-মায়ের সঙ্গে গত দুই বছর ধরে দেখা করতে পারেননি এবং তাদের দেশ ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

/টিই/