শিরোনাম

‘অধিনায়ক’ শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘অধিনায়ক’ শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
শেখ হাসিনা ও সাকিব আল হাসান

২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর আর দেশে ফেরা হয়নি ক্রিকেটার সাকিব আল হাসানের। সম্প্রতি দিল্লিতে এক ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্সে বক্তব্য দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই একই অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি সাকিবও। এরপর থেকেই আবার আলোচনায় এই অলরাউন্ডার। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ বলে উল্লেখ্য করেছেন। তার সঙ্গে দেশে ফিরতে চান বলেও জানিয়েছেন।

অবশ্য সাকিব এ-ও বলেছেন, সরকার তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন।

আমি জানি আমি কোনো অন্যায় করিনি
সাকিব আল হাসান

রয়টার্স বৃহস্পতিবার (৭ আগস্ট) সাক্ষাৎকার প্রকাশ করে। শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময় সেখান থেকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘সরকার যদি আমাকে ছাড়পত্র দেয় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে আমি ফিরে যেতে ও আদালতের মুখোমুখি হতে এবং যা করা প্রয়োজন সব করতে খুশি মনে রাজি আছি।’

সাকিব আরও বলেন, আমি জানি আমি কোনো অন্যায় করিনি।

এখনও জাতীয় দল থেকে অবসর নেননি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের জার্সিতে খেলতে চান সাকিব।

অধিনায়ক যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো

গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেখানেই অবস্থান করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি এর আগে ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান এবং বিচারের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ প্রসঙ্গ টেনে সাকিব জানান, যদি এখনই দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গে ফেরার চেষ্টা করবেন। সাকিবের ভাষায়, ‘অধিনায়ক যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো।’

দিল্লিতে প্রেস কনফারেন্সে অংশগ্রহণ নিয়ে সমালোচনারও জবাব দেন সাকিব। জানান, ওই কনফারেন্সে তিনি কেবল শান্তি ও বাংলাদেশের অগ্রগতির আহ্বান জানিয়েছিলেন। এজন্য তার কোনো অনুশোচনা নেই।

/টিই/