৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ হচ্ছে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ হচ্ছে: আমিনুল হক
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল হক বলেন, জেলা পর্যায়ে ক্রীড়া অফিসার থাকলেও উপজেলা পর্যায়ে এতদিন এ ধরনের কোনো পদ বা প্রয়োজনীয় লোকবল ছিল না। দায়িত্ব নেওয়ার পর নির্বাচনি ইশতেহার অনুযায়ী উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসারের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) অর্থ বিভাগ ৪৯৫টি উপজেলার জন্য এ পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে।

খেলার মাঠ রক্ষায় ছাড় নয়

রামপুরায় মাঠ দখলের ঘটনা সরকারের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আমিনুল হক। দেশের কোথাও খেলার মাঠ দখল বা এ ধরনের কোনো ঘটনা নজরে এলে সরকারকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠ রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ফুটসাল মাঠ তৈরির পরিকল্পনা

দেশের ১৩টি সিটি করপোরেশন এবং প্রতিটি জেলা পর্যায়ে ফুটসাল গ্রাউন্ড তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে সিটি করপোরেশনগুলোকে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

খেলোয়াড়দের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া ক্রীড়া খাতে নতুন করে বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথাও জানিয়েছেন আমিনুল হক।

/টিই/