শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয়ে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার নেরাদল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হারায় বিশ্বকাপ নিশ্চিত হলো। সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেয়েছে টাইগ্রেসরা।

বুধবার (২৮ জানুয়ারি) কির্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি আইনে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে তোলে ১২৯ রান। জবাবে ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন ডাচদের জয়ের জন্য দরকার ছিল ৭০ রান। সেই লক্ষ্য ছাড়িয়ে তারা করে ফেলে আরও ২০ রান বেশি। ফলাফল, ২১ রানের জয়।

এই জয়ে নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয় বাংলাদেশেরও। তিন ম্যাচে দুই দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ তালিকার শীর্ষে রয়েছে। বাকি দুই ম্যাচে হারলেও সেরা চারে থাকা নিশ্চিত, সে কারণেই দুই দলের বিশ্বকাপের টিকিট একপ্রকার আগেভাগেই পাকা হয়ে গেছে।

এর আগে, একই দিনে নেপালের মূলপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জুয়াইরিয়া ফেরদৌস (৫৬) ও সোবহানা মোস্তারির (৫৯) ১১০ রানের অনবদ্য জুটি গড়ে দেয় বড় সংগ্রহের ভিত।

জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে ১২৬ রানেই থেমে যায়। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার, নেন ৩ উইকেট। এছাড়া ঋতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন ২টি করে উইকেট।

/এফসি/