শিরোনাম

অধিনায়কদের জন্য বিসিবির বিশেষ উপহার ক্যাপ্টেনস কার্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
অধিনায়কদের জন্য বিসিবির বিশেষ উপহার ক্যাপ্টেনস কার্ড
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেট ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের কারিগর সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের কান্ডারিরা একই ছাদের নিচে সমবেত হবেন।

জানা গেছে, আয়োজনটি সফল করতে বিসিবি সভাপতি নিজেই ব্যক্তিগতভাবে সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগে দেশের একজন সাবেক অধিনায়ককে ফোন করে অনুষ্ঠানের উদ্দেশ্য জানিয়ে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি। এরপর বোর্ডের পক্ষ থেকে পাঠানো হয় আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র। সভাপতির এমন ব্যক্তিগত ও আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে সাবেক ক্রিকেটাররা অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিসিবির বিশেষ উদ্যোগের প্রধান আকর্ষণ হলো প্রিভিলেজ কার্ড। বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী উভয় ফরম্যাটের ক্রিকেটারদের হাতে এই বিশেষ সংস্করণের কার্ড তুলে দেওয়া হবে। যদিও কার্ডের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এটি মূলত একটি স্থায়ী প্রবেশপত্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সাবেক অধিনায়কেরা দেশের যেকোনো মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পাবেন। আগে সাবেক ক্রিকেটারদের জন্য বোর্ড থেকে আলাদা টিকিটের ব্যবস্থা করা হলেও, এবার তাদের অবদানকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই আধুনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সম্মাননার আওতায় থাকছেন সেই সব ক্রিকেটার, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে ক্রিকেটের বিভিন্ন প্রজন্মের তারকাদের আজ এক সঙ্গে দেখার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি বিসিবির আরও একটি বিশেষ পরিকল্পনাও আলোচনায় রয়েছে। যেসব সাবেক অধিনায়কের বয়স পঞ্চাশোর্ধ্ব, তাদের জন্য আলাদা হেলথ কার্ড প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বোর্ড।

/এমএকে/