আশরাফুলের বাদ পড়া নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আশরাফুলের বাদ পড়া নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইনসেটে মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর দুই দিন আগে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আমিনুল হক জানান, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশনসহ অন্যান্য ক্রীড়া সংস্থা নিজেদের পরিকল্পনা, কৌশল ও চিন্তাভাবনা অনুযায়ী কাজ করুক- এটাই সরকারের প্রত্যাশা। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে গুরুত্ব দেন বলেও উল্লেখ করেন তিনি।

আশরাফুলের দায়িত্ব হারানোর বিষয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘সেই ক্ষেত্রে আশরাফুল হয়তোবা বাদ পড়েছে, পরবর্তীতে আশরাফুল আবার অন্তর্ভুক্ত হতেও পারেন।’

২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল।

/টিই/