কোনো অবস্থাতেই রাস্তা-ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কোনো অবস্থাতেই রাস্তা-ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
উচ্ছেদ অভিযানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকার রাস্তা ও ফুটপাতে কোনো অবস্থাতেই অবৈধভাবে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, বারবার উচ্ছেদের পরও কেউ অবৈধভাবে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

​অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। এর মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সম্পূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান। ছবি: সিটিজেন জার্নাল
গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান। ছবি: সিটিজেন জার্নাল

​অভিযান চলাকালে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন ডিএসসিসি প্রশাসক। বারবার অভিযানের পরও হকাররা পুনরায় কীভাবে ফিরে আসে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।

​হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার অভিযোগ প্রসঙ্গে প্রশাসক বলেন, গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী– দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন।

ডিএসসিসির উচ্ছেদ অভিযান। ছবি: সিটিজেন জার্নাল
ডিএসসিসির উচ্ছেদ অভিযান। ছবি: সিটিজেন জার্নাল

তিনি আরও বলেন, সারাদেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলের বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে, বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই।

/এফআর/