শিরোনাম

প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিশির মনির। ছবি: সংগৃহীত

হাওর অঞ্চলের ফসল রক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। চিঠিতে তিনি হাওরের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা এবং পরিকল্পিত খাল খননের দাবি জানান।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এই খোলা চিঠি লেখেন তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির চিঠিতে লেখেন, আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি।

নিজেকে হাওর পাড়ের মানুষ উল্লেখ করে চিঠিতে তিনি লেখেন, একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন কিন্তু পারছেন না।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির লেখেন, আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

সরেজমিনে তার এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়ে চিঠিতে তিনি আরও লেখেন, আপনি (প্রধানমন্ত্রী) কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

সুনামগঞ্জের দিরাই-শাল্লায় খাল খনন প্রয়োজন উল্লেখ করে শিশির মনির লেখেন, আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন, ইনশাআল্লাহ।

চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে শাল্লা উপজেলার দৌলতপুরের নাম লেখেন জামায়াত নেতা শিশির মনির।

এফআর