সাত সচিবের দপ্তর বদল, নতুন দায়িত্বে তিনজন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সাত সচিবের দপ্তর বদল, নতুন দায়িত্বে তিনজন
জনপ্রশাসন মন্ত্রণালয়। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

প্রশাসনে রদবদলের অংশ হিসেবে সাতজন সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আরও দুজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগ ও বদলির আদেশ জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। এ বিভাগের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। পদটি সচিবের পদমর্যাদার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে সচিবের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রেক্টরের পদটিও সচিবের পদমর্যাদার।

অন্যদিকে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

/এমআর/