শিরোনাম

চাঁদ নিয়ে গবেষণায় মুসলিম বিজ্ঞানীদের যে অবদান বদলে দিয়েছিল জ্যোতির্বিজ্ঞান

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
চাঁদ নিয়ে গবেষণায় মুসলিম বিজ্ঞানীদের যে অবদান বদলে দিয়েছিল জ্যোতির্বিজ্ঞান
ছবি: আরব নিউজ

রাতের আকাশে চাঁদকে ঘিরে মানুষের কৌতূহল হাজার বছরের। চাঁদের আলো কোথা থেকে আসে, এর পৃষ্ঠে দাগ কেন দেখা যায়, কক্ষপথে কী ধরনের পরিবর্তন ঘটে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে মধ্যযুগেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও গাণিতিক গবেষণা চালিয়েছিলেন মুসলিম বিশ্বের একদল বিজ্ঞানী। তাদের অনেকের কাজ পরবর্তী সময়ে ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানের বিকাশেও প্রভাব ফেলেছিল।

চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ক্রেটার ও ভূ-গঠনের নামকরণে মধ্যযুগের আরব ও মুসলিম বিশ্বের বিজ্ঞানীদের নামও ব্যবহৃত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আল-বিরুনি, আল-খাওয়ারিজমি, ইবনে ইউনুস, ইবনে আল-হাইসাম, ইবনে ফিরনাস, আল-ফারগানি, আল-বাত্তানি, নাসিরুদ্দিন আল-তুসি, আবু আল-ওয়াফা ও ওমর খৈয়ামসহ অনেকে।

চাঁদের আলো নিয়ে গবেষণা

মধ্যযুগে চাঁদের আলো নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণার মধ্যে অন্যতম ছিল—চাঁদ নিজেই আলো উৎপন্ন করে। মুসলিম বিজ্ঞানী ইবনে আল-হাইসাম এ ধারণার বিপরীতে আলোকবিজ্ঞানের ভিত্তিতে চাঁদের আলো নিয়ে বিশ্লেষণ করেন। তাঁর গবেষণায় চাঁদের নিজস্ব আলোর পরিবর্তে সূর্যের আলো প্রতিফলনের বিষয়টি গুরুত্ব পায়।

চাঁদের পৃষ্ঠে দৃশ্যমান উজ্জ্বল ও অন্ধকার অঞ্চল নিয়েও তিনি আলোচনা করেন। তাঁর আলোকবিজ্ঞানবিষয়ক গবেষণা পরবর্তী সময়ে আলো, দৃষ্টি, প্রতিসরণ ও লেন্সবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাঁর বিখ্যাত গ্রন্থ *কিতাব আল-মানাজির* ইউরোপীয় আলোকবিজ্ঞানের ইতিহাসেও বিশেষভাবে আলোচিত।

চাঁদের গতির সূক্ষ্ম পরিবর্তন

চাঁদের গতি যে একেবারে সরল ও অপরিবর্তিত নয়, সেটিও মধ্যযুগীয় মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণের বিষয় ছিল। বাগদাদের জ্যোতির্বিজ্ঞানী আবু আল-ওয়াফা চাঁদের কক্ষপথের গতিতে কিছু সূক্ষ্ম অসঙ্গতি শনাক্ত করেন এবং সেগুলো গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন।

পরবর্তী শতাব্দীতে ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানীরা চন্দ্রগতির এসব পরিবর্তন নিয়ে আরও বিস্তারিত গবেষণা করেন। এ ক্ষেত্রে আবু আল-ওয়াফার পর্যবেক্ষণ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

ইবনে ইউনুসের সূক্ষ্ম পর্যবেক্ষণ

মিসরের ফাতেমীয় যুগের জ্যোতির্বিজ্ঞানী ইবনে ইউনুসও চাঁদ ও সূর্যের গতিবিধি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কায়রোর মোকাত্তম পাহাড় এলাকায় স্থাপিত পর্যবেক্ষণকেন্দ্র থেকে তিনি দীর্ঘ সময় ধরে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা লিপিবদ্ধ করেন।

তার পর্যবেক্ষণ থেকে তৈরি জ্যোতির্বৈজ্ঞানিক সারণি পরবর্তী সময়ে জ্যোতির্বিজ্ঞানের গণনা ও গবেষণায় ব্যবহৃত হয়। ক্রান্তিবৃত্তের হেলানো কোণ এবং চন্দ্রের গতির বিভিন্ন পরিমাপেও তাঁর কাজের উল্লেখ পাওয়া যায়।

চাঁদের কক্ষপথ নিয়ে নতুন ধারণা

মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণায় চাঁদের কক্ষপথ ও তার গতিপথের গাণিতিক মডেলও বিশেষ গুরুত্ব পায়। সমরকন্দের জ্যোতির্বিজ্ঞানী গিয়াসউদ্দিন জামশিদ আল-কাশি জটিল জ্যোতির্বৈজ্ঞানিক গণনা ও গাণিতিক পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অন্যদিকে আন্দালুসীয় বিজ্ঞানী ইবনে আল-জারকালি—ইউরোপে যিনি আরজাখেল নামে পরিচিত—জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র ও সারণির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর তৈরি ‘সফিহা’ বা উন্নত অ্যাস্ট্রোল্যাব বিভিন্ন অক্ষাংশ থেকে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব করার সুযোগ সৃষ্টি করে।

ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানে প্রভাব

মধ্যযুগে আরবি ভাষায় সংরক্ষিত জ্যোতির্বিজ্ঞানের বহু কাজ পরবর্তী সময়ে লাতিন ভাষায় অনূদিত হয়। এর মাধ্যমে মুসলিম বিশ্বের পর্যবেক্ষণ, গাণিতিক পদ্ধতি ও জ্যোতির্বৈজ্ঞানিক সারণি ইউরোপীয় পণ্ডিতদের কাছে পৌঁছে যায়।

কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক মডেল নিয়েও আধুনিক গবেষণায় মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের কাজের সঙ্গে ইউরোপীয় জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে নাসিরুদ্দিন আল-তুসি, ইবনে আশ-শাতির ও আল-বাত্তানির কাজের সঙ্গে পরবর্তী ইউরোপীয় মডেলের কিছু গাণিতিক সাদৃশ্য নিয়ে গবেষণা হয়েছে।

আলোকবিজ্ঞানের ক্ষেত্রেও ইবনে আল-হাইসামের প্রভাব ছিল ব্যাপক। তাঁর *কিতাব আল-মানাজির* ইউরোপে অনূদিত হওয়ার পর আলো ও দৃষ্টিবিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হয়। ইউরোপীয় বিজ্ঞানী উইতেলোর আলোকবিষয়ক কাজেও ইবনে আল-হাইসামের প্রভাবের কথা ইতিহাসবিদরা উল্লেখ করেছেন।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ অবদান

মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের অবদান শুধু চাঁদ পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা জ্যোতির্বিদ্যা, গণিত, আলোকবিজ্ঞান, ভূগোল ও যন্ত্রপ্রযুক্তির নানা ক্ষেত্রে গবেষণা করেছেন। তাঁদের তৈরি পর্যবেক্ষণপদ্ধতি ও গাণিতিক সারণি পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।

চাঁদের রহস্য সম্পর্কে আজকের বিজ্ঞান অনেক বেশি নির্ভুল তথ্য দিতে সক্ষম। তবে সেই দীর্ঘ জ্ঞানযাত্রার ইতিহাসে ইবনে আল-হাইসাম, আবু আল-ওয়াফা, ইবনে ইউনুস, আল-বাত্তানি, আল-তুসিসহ মুসলিম বিশ্বের বহু বিজ্ঞানীর পর্যবেক্ষণ ও গণনাও একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে আছে।

/এবি/

বিষয়:

ধর্মচাঁদ