শিরোনাম

ফিলিস্তিনের পাশে দাঁড়ানো পুরো মানবজাতির দায়িত্ব: এরদোগান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফিলিস্তিনের পাশে দাঁড়ানো পুরো মানবজাতির দায়িত্ব: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান

ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং তাদের পাশে দাঁড়ানোকে কেবল মুসলিমদের নয়, পুরো মানবজাতির যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক সব প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকার আদায়ে তুরস্ক সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিশ্ববাসীর চোখের সামনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মাধ্যমে তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতিসংঘের পরিসংখ্যানের আলোকে তিনি তুলে ধরেন, ২০২৬ সালে দখলদারদের অব্যাহত সহিংসতা, ঘরবাড়ি উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন।

এরদোগান বলেন, নেতানিয়াহু সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গন থেকে ফিলিস্তিন ইস্যুটি সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে, কিন্তু তাদের এ চক্রান্ত কখনো সফল হবে না। বক্তব্যে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে আঙ্কারার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন কাজ দ্রুত শুরু করা এবং পবিত্র আল আকসা মসজিদসহ ধর্মীয় স্থানগুলোর ঐতিহাসিক স্থিতি বজায় রাখার জোর দাবি জানান। এছাড়া ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/