শিরোনাম

চিন্ময় দাসের দ্রুত মুক্তির ব্যবস্থা করবো: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চিন্ময় দাসের দ্রুত মুক্তির ব্যবস্থা করবো: সংস্কৃতিমন্ত্রী
ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি: সিটিজেন জার্নাল

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিষয়ে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে, তাকে এভাবে আটকে রাখা হয়েছে। আমি এ বিষয়ে যথাযোগ্য জায়গায় আজকালের মধ্যে কথা বলবো। তার মুক্তি যেন দ্রুত সময়ের মধ্যে হয়, আমি সেটির ব্যবস্থা করবো।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, এখানে পাহাড়ি জনগোষ্ঠী, সমতলের জনগোষ্ঠী, বিভিন্ন উপজাতি, জাতিসত্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এগুলোর অনুসন্ধান করছি। আমাদের এই ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক বিভাগেও নিয়ে আসা উচিত বলে আমি মনে করি।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে, আমরা কোনো প্রকার বৈষম্য রাখবো না। কারো রাজনৈতিক মতাদর্শ, ধর্ম এবং সংস্কৃতি ভিন্ন থাকবে। আর এই বৈচিত্রের মধ্যে ঐক্য আনাটাই হচ্ছে আমাদের কাজ এবং ধর্ম। এটাই আমাদের সরকারের নীতি এবং আমরা এটি করবো।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, আমরা বৈচিত্রের মাঝে ঐক্য চাই, আমরা কোনো বিভাজন চাই না। আমরা কোনো সংঘাত চাই না, আমরা শান্তি চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। উপস্থিত ছিলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।

/এফসি/