আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা
রাজধানীর একটি পূজামণ্ডপে দেবী দুর্গার প্রতিমা। ছবি: রাকিবুল ইসলাম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। ঢাকের ছন্দ, ধুনুচির ধোঁয়া, আলোর ঝলকানি আর মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়ে গত কয়েকদিন ধরে দেশে পালিত হচ্ছে দুর্গা উৎসব। ৫ দিনের পূজা-অর্চনা, আনন্দ-উৎসব আর নানা আয়োজনের পর মণ্ডপে মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) সকালে বিভিন্ন পূজামণ্ডপে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবীর চরণে শেষ অঞ্জলি দিয়ে ভক্তরা জানাচ্ছেন বিদায়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে দেশের শত শত পূজামণ্ডপ।

দুপুর থেকে বিভিন্ন স্থানে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেওয়া শুরু হবে। পরে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হবে। এরপর ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব শুরু হয়েছিল গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা-অর্চনা শেষে আজ পালিত হচ্ছে বিজয়া দশমী।

/জেএইচ/