শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, পূজা-অর্চনায় মুখর দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, পূজা-অর্চনায় মুখর দেশ
প্রতীকী ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ মহানবমী। ঢাকের ছন্দ, ধুনুচির ধোঁয়া, আলোর ঝলকানি আর মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়ে গত কয়েকদিন ধরে দেশে পালিত হচ্ছে দুর্গা উৎসব। তবে নবমীতে দুর্গা উৎসবের চেনা আনন্দের আড়ালে ধীরে ধীরে উঁকি দেয় মন খারাপ। কারণ, মণ্ডপে মণ্ডপে এখন দেবীর বিদায়ের সুর।

শারদীয় দুর্গোৎসবের নির্ঘণ্ট অনুযায়ী মঙ্গলবার (২০ অক্টোবর) পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় মহানবমী অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আয়োজন করা হবে দেবীর মহাআরতি। এ ছাড়া নবমী হোমসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন পূজারি ও ভক্তরা।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট মোট ৪৮ মিনিট ধরে অনুষ্ঠিত হয় এই বিশেষ পূজা। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনের মধ্য দিয়ে সন্ধিপূজা সম্পন্ন করা হয়।

পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা চণ্ড, মুণ্ড ও রক্তবীজসহ অসুরদের বিনাশ করে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় প্রতিষ্ঠা করেন। সেই বিশ্বাস ও ভক্তির আবহেই মহানবমীতে দেবীর আরাধনায় মগ্ন থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা। সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা ও মায়ের বরণ অনুষ্ঠিত হবে। বিকালে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে ভক্তরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানাবেন।

/এফআর/