শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ মহাঅষ্টমী। এদিন মা দুর্গার অন্য কোনো নামে কুমারীর নামকরণ করা হয়ে থাকে। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে চলছে মহামায়ার আরাধনা। অষ্টমীর পূজায় বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে আজ দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজার সময়সূচি অনুযায়ী, সকাল ৭টা ৩৪ মিনিটে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে-এ আচার চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণ করার মুহূর্তটিকে স্মরণ করিয়ে দেয়।

এদিকে, ঐতিহ্য মেনে বিভিন্ন মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এতে দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে পূজা করা হয়। রাজধানীতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এ আচারের সময় সাধারণত এক থেকে ১৬ বছর বয়সি, বয়ঃসন্ধি-পূর্ব অবিবাহিত বালিকাকে দেবী দুর্গা তথা দিব্য নারীশক্তির জীবন্ত রূপ হিসাবে পূজা করা হয়। এ সময় ভক্তরা কুমারীর চরণে জল, বস্ত্র, ফুল এবং স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার নিবেদন করেন।

ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা।

/এফআর/