সাবেক এনসিপি নেতা আরিফকে আহ্বায়ক করে গণবিপ্লবী উদ্যোগের কমিটি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সাবেক এনসিপি নেতা আরিফকে আহ্বায়ক করে গণবিপ্লবী উদ্যোগের কমিটি
এনসিপির পদত্যাগী নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরিফ সোহেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরিফ সোহেলকে আহ্বায়ক করে ‘গণবিপ্লবী উদ্যোগ’-এর ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আরিফ সোহেল ছাড়া আরও ৩৫ জনকে সংগঠক হিসেবে রাখা হয়েছে। প্রস্তুতি কমিটির মেয়াদ দুই মাস।

রবিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিটি আরিফ সোহেল নিজেই গণমাধ্যমে পাঠিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন আরিফ সোহেল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিবের দায়িত্ব পান। এরপর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার দুই দিন পর, গত ৩০ ডিসেম্বর, দলটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আরিফ সোহেল।

এরপর সংসদ নির্বাচনের আগের দিন গত ১১ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে আরিফ সোহেলসহ এনসিপির পদত্যাগী নেতাদের একাংশের উদ্যোগে ‘গণবিপ্লবী উদ্যোগ’ নামে এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

গণবিপ্লবী উদ্যোগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকল ক্ষমতা জনগণের’—এই মৌলিক দর্শনকে সামনে রেখে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নিতে ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সংগঠকেরা নিজ নিজ এলাকার বাস্তব সমস্যা ও প্রয়োজনকে কেন্দ্র করে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। পাশাপাশি স্থানীয় গণসংগঠন গড়ে তোলা এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সমন্বয়ের কাজ এগিয়ে নেওয়া হবে।

চেতনা নির্মাণ ও জনগণকে সংগঠিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি, শিক্ষা, কৃষি, পরিবেশ, সংস্কৃতি ও জনসেবায় বিকল্প মডেল গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এসব কার্যক্রমে কেন্দ্রের ভূমিকা থাকবে সমন্বয় ও নীতিনির্ধারণে। একই সঙ্গে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও স্বশাসনকে গুরুত্ব দেওয়া হবে।

দুই মাসের মেয়াদে প্রস্তুতি কমিটি ‘গণবিপ্লবী উদ্যোগ’-এর গঠনতন্ত্র প্রণয়ন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গঠনতন্ত্র তৈরির ক্ষেত্রে জনগণ, প্রকৃতি, স্থানীয় সমাজ, ন্যায় ও নৈতিকতা এবং স্বশাসন—এই পাঁচটি মৌলিক ভিত্তিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

৩৫ সংগঠক

আরিফ সোহেল ছাড়া গণবিপ্লবী উদ্যোগের প্রস্তুতি কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন অদিতি, আজাদ খান ভাসানী, আজহারুল হক লিংকন, আবদুল্লাহ আল সোহানুর ইসলাম, আবদুল্লাহ সালেহীন অয়ন, আবদুস সামাদ আজিজ, আবির হাসান, আমিনুল হুদা আমান, আসিফ নেহাল, ইমতিয়াজ রাকিবুল, উম্মে খায়ের ঈদি, কবির আলমগীর, খন্দকার নিয়াজ রহমান, খান মুহাম্মদ মুরসালীন, জার্জীস আহমেদ, তানজিনা তাম্মিম, তাপসী রাবেয়া ও নাহিদ ইসলাম।

অন্য সংগঠকেরা হলেন ফারজানা আক্তার, ফারহাদ আলম ভূঁইয়া, মাসুম সরকার রাজা, মাহাথির মেসুত, মিশু আলী, মো. আশিকুর রহমান খান, মো. তানভীর হাসান, মো. মাস্উদুজ্জামান, মো. রাকিবুল হাসান, মোহাম্মদ ফাহিম আহম্মেদ, মোহাম্মদ মাজেদুর রহমান, রাঈদ হাসান, রোকন শেখ, লিখন ইসলাম, শিবলী মোস্তফা খান, সাখাওয়াত হোসেইন ও সুমাইয়াহ রহমান।

/এমআর/