বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা সরকারের নেই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা সরকারের নেই: জামায়াত আমির
‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি: সিটিজেন জার্নাল

বর্তমান সরকারের বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাইনি তাদের পতন, চেয়েছিলাম তাদের সফলতা। তাদের সফলতা মানে দেশের সফলতা। এতদিন বলতাম, আমরা সরকারকে সহযোগিতা করবো, আজকে থেকে ঘোষণা দিচ্ছি ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবো। এই সরকার আমাদের সহযোগিতা নিতে ব্যর্থ, ওদের কোনো যোগ্যতা নাই বিরোধী দলের সহযোগিতা নেওয়ার।

তিনি বলেন, বিএনপি সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও, সবার আগে তারা নিজে, নিজের পরিবার, তার সন্তান, তার ভাগনা, তার ভাতিজা, তার শ্বশুর, তার স্ত্রীকে– প্রাধান্য দিচ্ছে। আমরা সিন্ডিকেটের কাছে প্রিয় বাংলাদেশকে তুলে দেবো না। এ দিন শেষ। যুবকেরা জেগে উঠেছে, পূর্ণ মুক্তি না আসা পর্যন্ত ওরা ঘুমাবে না। আর আমরা যুবকদের সাথে তাদের চেয়েও আরও শক্তিশালী যুবক হয়ে কাজ করবো– ইনশাআল্লাহ।

বিরোধীদলীয় নেতা বলেন, ২৪- এর শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাবো এবং নব্য ফ্যাসিবাদেরও পতন হবে– ইনশাআল্লাহ।

‘৫ আগস্টের দুপুরবেলা পর্যন্ত বিএনপি মজবুত দল ছিল’

জামায়াত আমির বলেন, বিএনপি আমাদের মধ্যে একটা মজবুত দল ছিল, এখন আর নেই। ৫ আগস্ট দুপুরবেলা পর্যন্ত ছিল। এরপর থেকেই বিএনপি রাতারাতি তাদের অতীত ভুলে গেছে।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) জুলাই সনদের কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত প্রকাশ করলেও গণভোটের ব্যাপারে কোনো ভিন্নমত প্রকাশ করে নাই। একটা জায়গায় ভিন্নতা ছিল, আমরা চেয়েছিলাম গণভোটটা আগে হোক। তারা এটা চায়নি, জোর করে একই দিনে করার দাবি তুলল। বলল যে, এই গণভোটের প্রস্তাবক আমরা, কাজেই আমাদের ওপর আস্থা রাখতে পারেন, আমরা এটা মেনে চলবো।

‘৭ মাসের ভিতরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে’

ডা. শফিকুর রহমান বলেন, এই সাত মাসের ভিতরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু একই রাস্তা ধরেই সরকার হাঁটছে। বিরোধী দলকে গালে আঙুল দিয়ে বসে থাকবে?

‘জুলাই সনদ ও গণভোটের রায় আদায় করেই ছাড়বো’

জাময়াতে ইসলামীর আমির বলেন, শত ইঞ্জিনিয়ারিং, চুরি-চামারির পরে জনগণ আমাদেরকে যে কয়টি আসন দিয়েছে, এই আসনের ৮৯ জন এমপি সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হয়ে কাজ করবে, ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় ইনশাআল্লাহ আমরা আদায় করেই ছাড়বো।

তিনি আরও বলেন, ইনিয়ে-বিনিয়ে বহু লোভ লালসা আমাদেরকে দেখানো হয়েছে। আমরা এসবের দিকে ফিরেও তাকাইনি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা কথা দিচ্ছি, যে কেউ তার ইচ্ছা জাতির সাথে প্রতারণা করুক, বিরোধী দল ইনশাআল্লাহ হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্য পানে এগিয়ে যাবে।

আলোচনা সভায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/