শিরোনাম

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হান্নান মাসউদের

নিজস্ব প্রতিবেদক
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হান্নান মাসউদের
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নিজের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংসদে উত্থাপিত এক নোটিশে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

হান্নান মাসউদ বলেন, আমি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছি। যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের রাজত্ব চলছে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে আমি অন্তত ৫ বার সরাসরি হামলার শিকার হয়েছি। আমার গাড়িতে এখনো সন্ত্রাসীদের দেওয়া কোপের দাগ রয়েছে। এমনকি আমার জন্য মসজিদে দোয়া করায় ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, আমাকে সরাসরি অস্ত্র হাতে কোপাতে আসার ভিডিও এবং প্রমাণাদি থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের রাজনৈতিক শেল্টারে রাখা হচ্ছে। ফেসবুক লাইভে এসে আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

হান্নান মাসউদ বলেন, একজন সংসদ সদস্য হয়েও যদি আমি এবং আমার নেতাকর্মীরা নিরাপদ না থাকি, তবে সাধারণ মানুষের অবস্থা কী?

হান্নান মাসউদের এই বক্তব্যের আগে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তার জানমাল, সম্মান ও মর্যাদা রক্ষায় যে নোটিশটি দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে গেলে তার ওপর প্রাণঘাতী হামলা হয় এবং ২৯ মার্চ সংসদে দেওয়া বক্তব্যের জেরে তাকে অনলাইনে অশালীন ভাষায় আক্রমণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলা ও হুমকি কোনোভাবেই কাম্য নয়। যদিও কার্যপ্রণালি বিধির ১৬৫(২) ও ১৬৫(৪) উপবিধির কারিগরি সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবুও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই প্রেক্ষাপটে সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে কার্যকর এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

/এসবি/