শিরোনাম

সরকার ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত: পরোয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকার ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত: পরোয়ার
সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

সরকার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বাস্তবে ‘সবার আগে বিএনপি’ প্রতিষ্ঠায় ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বজায় থাকলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এ কারণে নির্বাচন কমিশন থেকে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের অপসারণ না হলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিরোধী দলগুলোকে নতুন করে ভাবতে হবে।

তিনি বলেন, বিএনপির ৩১ দফায় ঘোষিত স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে রাখার অঙ্গীকার করা হয়েছিল। অথচ বাস্তবে দেশবাসী দেখতে পাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ নয়, ‘সবার আগে বিএনপি’। বর্তমানে এই নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, যা জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

মিয়া গোলাম পরোয়ার বলেন, ইতোমধ্যেই জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, বিভিন্ন করপোরেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হককে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানীকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য মো. সামসুল আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে, বিএনপির সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলামকে (টিপু) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামানকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামানকে (সুরুজ) বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত বাস্তবায়নের পরিবর্তে বিএনপি প্রকাশ্যে দেয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর দেওয়া সংস্কার-অঙ্গীকার বাস্তবায়নের পরিবর্তে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

/এসবি/