শিরোনাম

গুমবিরোধী পদযাত্রায় জামায়াত জোটের নেতারা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গুমবিরোধী পদযাত্রায় জামায়াত জোটের নেতারা
আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত পদযাত্রা জাতীয় সংসদ ভবনের সামনে পৌঁছেছে

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি। এতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নেন।

রবিবার (৩০ আগস্ট) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পৌঁছায়। সেখানে সমাবেশ শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, দলটিতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া কয়েকজন ব্যক্তি ও তাদের স্বজনরাও কর্মসূচিতে অংশ নেন।

এর আগে বিকেল ৩টার দিকে বাংলামোটর ট্রেড সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।

সমাবেশে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করার দাবি জানান। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানসহ কয়েকজন বক্তব্য দেন।

সমাবেশের শেষ দিকে কর্মসূচির প্রতি সংহতি জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, পদযাত্রাটি সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। এরপর একটি প্রতিনিধিদল সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।

পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে সংসদ অভিমুখে যাত্রা করেন। এ সময় তারা ‘বাংলাদেশে আয়নাঘর, থাকবে না রে থাকবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’ এবং ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

/এমআর/