সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না: রিজভী
‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’ প্রকাশনা উৎসবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক সমালোচনা সহ্য করতে হয়, গালাগালি শুনতে হয়। নানা ঘটনার মধ্যে তাকে থাকতে হয়। সহ্য করার ক্ষমতা এবং টলারেন্স যার মধ্যে নেই, সে ভালো পলিটিশিয়ান হতে পারে না।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘সারেঙ রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’ প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। প্রকাশনা উৎসবের আয়োজন করেছে সারেঙ।

বিগত ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, তখন অনেক বন্ধুবান্ধব আমাদেরকে কোনো ইভেন্টে দাওয়াত করতে সাহস পেত না। যদি কোনো ঝামেলা হয় হয়ে যায় এই ভয়ে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে শেখ হাসিনা। আমার বিরুদ্ধে সাড়ে তিনশো মামলা দেওয়া হয়েছিল। এই কারণে অনেক নিকটজন ছেলেমেয়ের বিয়েতে দাওয়াত পর্যন্ত দিত না।

তিনি বলেন, দাওয়াতে আমি উপস্থিত আছি, এটা জেনে যদি অন্যদের সমস্যা হয়, এরকম একটা কঠিন পরিস্থিতি গিয়েছে। রেজাউদ্দিন স্টালিন ঐ সময়েও আমাদের সঙ্গে আড্ডা দিতো এবং সময় কাটাতো।

রিজভী আরও বলেন, রেজাউদ্দিন স্টালিন নিঃসন্দেহে একজন আধুনিক কবি। তার লেখনি এবং শব্দচয়ন অসাধারণ। আধুনিক কবি বলেই সে খুব চমৎকারভাবে সাম্প্রতিক সমস্যা এবং সংকটগুলো তুলে ধরেছে।

প্রকাশনা উৎসবে এসময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি রেজাউদ্দিন স্টালিন, সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফসি/