৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
লংমার্চ সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসনসহ ৮ দফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ লংমার্চ শুরু হয়। এর আগে সেখানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রথম দফা লংমার্চ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এতেই কিছু লোকের মাথা গরম হয়ে গেছে। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।’

তিনি বলেন, ‘আজ আমাদের ৮ দফা দাবি রয়েছে। প্রয়োজনে এই দাবি ৯ দফা, ১০ দফা কিংবা জাতির প্রয়োজনে ১ দফায় পরিণত হতে পারে। এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।’

জামায়াত আমির বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিতে হবে। দাবি মানতে ব্যর্থ হলে কোনো চক্রান্ত কাজে আসবে না। আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। ১১ দলের সঙ্গে জনগণ রয়েছে। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

১১ দলীয় ঐক্যের দাবিগুলো হলো- গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

এ সময় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান উপস্থিত ছিলেন। আরও ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

/জেএইচ/