শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সিটিজেন জার্নাল

সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে, তার দায় সরকারকেই নিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে পাবনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এ কথা বলেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গত গত ৮ মাসে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে গেছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও সরকারের নিয়ন্ত্রণে নেই। সরকার যদি পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের বলতে পারেন। আমরা জানি কীভাবে আন্দোলন করতে হয় ও আন্দোলন নিয়ন্ত্রণ করতে হয়। আমরা জামায়াতের জোটে আছি, তবে স্থানীয় সরকার নির্বাচন আমরা আলাদা এককভাবে করবো।

পরে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন এনসিপি নেতারা।

/এফআর/