সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকারের প্রস্তুতি আছে বলেই আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন: আখতার হোসেন
আলোচনা সভায় কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সরকারের প্রস্তুতি আছে বলেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ক্রসফায়ার ফিরিয়ে আনার কথা বলেছেন। আইজিপির এমন বক্তব্যের জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একইসঙ্গে সরকারের ব্যর্থতা ঢাকতে নতুন কোনো নাটক মঞ্চস্থ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, সরকার এমন পথে এগোচ্ছে, যেখানে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং সরকারের বক্তব্যের বাইরে অন্য কোনো তথ্য প্রচারের সুযোগ রাখা হচ্ছে না। সরকার সাইবার সুরক্ষার পরিবর্তে নিজেদের সুরক্ষার জন্য আইন করতে চাচ্ছে।

তিনি বলেন, ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে কয়েকবার অভিযোগ করা হয়েছে, সংস্কারের নামে তাদের হাত-পা বেঁধে দেওয়া হচ্ছে। সংস্কার কার্যক্রমের শুরুতেই গণভোটের রায় অস্বীকার করার মধ্য দিয়ে সরকার সেই পথ অনুসরণ করছে।

এনসিপির এই সংসদ সদস্য বলেন, স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে সরকারের যেসব জায়গায় হাত-পা বাঁধা ছিল, সেসব বাধা শুরু থেকেই সরিয়ে নিচ্ছে সরকার। গুম কমিশনসহ বিভিন্ন কমিশনকে নিজেদের তল্পিবাহক বানানোর জন্য আইন করছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিজেদের স্বার্থ রক্ষা করেই চলে। সরকারের সঙ্গে ক্রসফায়ার নিয়ে ভেতরে ভেতরে কোনো আলোচনা না হলে আইজিপির মুখ থেকে এ ধরনের বক্তব্য আসত না।

তিনি বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে চায়নি। অন্যদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাইলেও তা নিজেদের দলীয় লোকজন দিয়ে গঠন করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির অবস্থান মোটেও ইতিবাচক নয়। বিএনপি যে পথে এগোচ্ছে, সেটি আরেকটি স্বৈরাচারী পথ। এ ধরনের পরিস্থিতি আর হতে দেওয়া যাবে না।

আখতার হোসেন বলেন, সরকারের সিদ্ধান্তের সমালোচনা করার কারণে এনসিপির সংসদ সদস্য সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে সাথী আক্তারের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।

/এসবি/