শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ
১১ দলীয় জোটের সভা শেষে কথা বলছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

বৈঠকে এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের মধ্যদিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। বিরোধী দলীয় প্রার্থী মনোনয়ন ও চূড়ান্তকরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের একটি শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকে আলোচনার মাধ্যমেই রাষ্ট্রপতি পদে যৌথ প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে।

বৈঠকে দেশের চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও গভীর পর্যালোচনা করা হয়। বিশেষ করে বর্তমান সংবিধান সংস্কার ইস্যু, দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ এবং ১১ দলীয় ঐক্য কর্তৃক ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়েও বিস্তারিত মতবিনিময় করেন শীর্ষ নেতারা।

/এসবি/