শিরোনাম

‘জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না’

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
‘জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না’
সিলেটে সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

জিয়াউর রহমানের নামে দেশে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না, বলেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘১৬ বছর দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না। অবিলম্বে জিয়া-ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন।’

এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের কানাইঘাট উপজেলায় এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার-সবকিছু নিশ্চিত করতে হবে।’

জিয়াউর রহমান, খালেদা জিয়াকে শ্রদ্ধা করার কথা জানিয়ে নাহিদ আরও বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমানের ছবি-পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি-পোস্টার টানিয়ে সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন-এটা আমরা মেনে নেবো না।’

সংস্কার ও জুলাই হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

বিএনপি সরকার স্বৈরাচারের পথে হাঁটছে জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ কষ্টে আছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে ঢাকায় টিসিবির লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গেছেন। কিন্তু বিরোধীদল হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি, তাহলে আমাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে, রাস্তায় ট্রাক ফেলে রাখা হচ্ছে। বালুভর্তি ট্রাক ফেলা হচ্ছে, এটা হচ্ছে তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর নমুনা।’

সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

/টিই/