ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রিজভী
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে বুধবার আয়োজিত দলীয় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সিজেডেএন টোয়েন্টিফোর

দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন পলাতক ফ্যাসিবাদের দোসররা। বিদেশে অবস্থান করেও তাঁর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।

বুধবার (১৪ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মী ও তাদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, দেশের সম্পদ লুটপাট করে একটি মহল বিদেশে বিলাসী জীবনযাপন করছে। অথচ দেশের বাইরে থেকেও তারা বাংলাদেশের ক্ষতিসাধন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির অসহায় নেতাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা করা হয়। অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন দেওয়া হয়। পাশাপাশি আবাসন সংকটে থাকা কয়েকটি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা দেওয়া হয়।

এ সময় বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, চাকরি ও কৃষি উপকরণ দেওয়ার নামে সাধারণ মানুষকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি। অন্যদিকে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এতে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কেউ আর্থিক সংকটে পড়েছেন, আবার কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনযাপনের সুযোগ। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি নতুন করে আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। বিশেষ করে ঘর নির্মাণের সহায়তা পাওয়া পরিবারগুলো নিরাপদ আবাসন গড়ে তোলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/বিবি/