শিরোনাম

মোটরসাইকেলের ওপর কর জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

নিজস্ব  প্রতিবেদক
মোটরসাইকেলের ওপর কর জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর কর আরোপ একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানতে পারলাম, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।

তিনি লিখেন, করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।

বিরোধীদলীয় নেতা লিখেন, আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

এনবিআরের প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলগুলো নতুন এই অগ্রিম আয়করের আওতামুক্ত থাকবে। তবে ১১১ সিসি থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বার্ষিক কর ২,০০০ টাকা দিতে হবে। এছাড়া ১২৬ থেকে ১৬৫ সিসির বাইক মালিকদের বছরে ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির ওপরের বাইকগুলোর জন্য বার্ষিক ১০,০০০ টাকা অগ্রিম আয়কর দিতে হবে।

/এসবি/