আসল শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আসল শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী
চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা হলের মোড়ে গণজমায়েতে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

পোশাক শ্রমিকদের আন্দোলনে এখন আর আসল শ্রমিকরা নেই। শেখ হাসিনার রেখে যাওয়া গুন্ডা পান্ডা, সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা হলের মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা পূর্ব গণজমায়েতে এ মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর বিএনপি এসব কর্মসূচির আয়োজন করে।

রিজভী পোশাক শ্রমিকদের আন্দোলনকে ঘিরে সহিংসতায় কারা জড়িত-সে বিষয়ে বেশকিছু প্রশ্ন তুলে ধরে বলেন, ‘দেশ যখন ভালো চলছে; তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের দিকে যাচ্ছে তখন গার্মেন্টসে আন্দোলন করছে কারা। কারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে। কারা পুলিশ বক্সে আগুন দিচ্ছে। কারা আন্দোলনকারীদের ছবি তুলতে গিয়ে তৌফিককে পিটিয়ে মেরেছে।’

নিজেই এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,‘ শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকার কথা বলবে, কথা বলেছে। তাদের ওয়েজ বোর্ডের ব্যাপারে আশ্বাস দিয়েছে। মূল শ্রমিকরা আর আন্দোলনে নেই। এখন কারা? ওই যে, যারা পলাতক। যারা পাশের দেশে গেছে। মানুষ বলে, ‘‘শেখ হাসিনা তার শশুরবাড়িতে গেছে। ওইখানে তাকে বাতাস দেওয়া হচ্ছে। তালপাতার পাখায় বাতাস দেওয়া হচ্ছে। সেই বাতাসে সে বাংলাদেশে তার রেখে যাওয়া গুণ্ডা পাণ্ডা সন্ত্রাসীরা আজকে গার্মেন্টসে আগুন দিচ্ছে। গার্মেন্টস বন্ধ করছে এবং মানুষ হত্যা করছে।”

রিজভী আরও বলেন,‘আন্দোলনের নামে উসকানি দিয়ে, গুন্ডা পান্ডা পাঠিয়ে, এটাকে তারা চেয়েছিল ভয়ঙ্কর রূপ দিতে। আপনারা দেখেছেন, যারা গ্রেপ্তার তারা সবাই যুবলীগ-ছাত্রলীগের নেতা। এর মদদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। তারা এ দেশকে শান্তিময়, স্থিতিশীল করতে চায় না। তাদের সেই লুটের শাসন, দুর্বৃত্তায়নের শাসন, বাংলাদেশে ব্যাংকের টাকা লুট করা, টাকা পাচার করা এটাই তো আমরা দেখেছি। সেই টাকার মজা পাওয়ার জন্য আবারও শেখ হাসিনা চেষ্টা করছেন, সন্ত্রাস করে উসকানি দিয়ে। এইটা আর হওয়া সম্ভব নয়। দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।’

গণজমায়েতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এটি সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে আরও বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন, নগর বিএনপির নেতা আবুল হাশেম বক্কর।

/বিবি/