শিরোনাম

শুধু ছাত্রলীগ নয়, ছাত্রদল হামলা করলেও বিচার ক্যাম্পাসেই হবে: রাকসু ভিপি

রাবি সংবাদদাতা
রাবি সংবাদদাতা
শুধু ছাত্রলীগ নয়, ছাত্রদল হামলা করলেও বিচার ক্যাম্পাসেই হবে: রাকসু ভিপি
বক্তব্য রাখেন রাকসু সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোনো শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দলীয় পরিচয় বিবেচনা না করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

সোমবার (২৭ জুলাই) ক্যাম্পাসে সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর যদি হামলা হয়, আমি বলে রাখছি, শুধু ছাত্রলীগ না, ছাত্রদলও যদি হামলা করে তার বিচার আমি এই ক্যাম্পাসে করেই ছাড়ব। শিবিরও যদি এমন করে, তার বিচারও করব।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয় ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর হামলা বা সহিংসতা চালানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

রাকসু ভিপি বলেন, ‘ক্যাম্পাসে অপরাধের বিচার দলীয় পরিচয় দেখে নয়, অপরাধের ভিত্তিতে হতে হবে। যে-ই শিক্ষার্থীদের ওপর হামলা চালাবে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রাকসু সবসময় সোচ্চার থাকবে।’

উল্লেখ্য, গত রবিবার (২৬ জুলাই) প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাবির এক নারী শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, অস্ত্রের হুমকি এবং মানসিক হয়রানির অভিযোগ ওঠে ছাত্রদল কর্মী মহসিন আলমের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দপ্তরে অভিযুক্ত শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর তলব করলে অভিযুক্তের পক্ষে সাবেক ছাত্রলীগ কর্মী এবং বর্তমানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আনাস অশোভন আচরণ করেন। এর পরিপ্রেক্ষিতে আম্মার ও আনাসের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মীমাংসার চেষ্টা করেন।

পরবর্তীতে একই দিন বিকালে সাবেক ছাত্রলীগ কর্মী আনাসের সঙ্গে থাকা সহযোগীরা রাকসু ভবনে গিয়ে জিএস সালাহউদ্দিন আম্মার এবং তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে রাকসুর জিএস ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের রিডিং রুমে গিয়ে হামলাকারীদের মারধর করেন এবং তাদের প্রশাসনের হাতে তুলে দেন।

/এসআর/