শিরোনাম

শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে: নজরুল ইসলাম খান
শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

শ্রমিকদের সব সমস্যার সমাধানের জোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।

নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যা করতে চেয়েছেন, সেটুকু করতে পারলেই শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে মাত্র দুমাস। এই সময়ের মধ্যে সবকিছু সমাধান করা সম্ভব না। তবে, আগামী সময়ে শ্রমিকদের সমস্যা সমাধান হবে বলে মনে করছি। শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে।

সমাবেশে উপস্থিত শ্রমিক এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার কাছে আমার আবেদন আছে, সেটি হলো— শহীদ জিয়া এবং বেগম জিয়ার স্মৃতি বাঁচিয়ে রাখতে হলে এবং তারেক রহমানের ভালোর জন্য প্রত্যেককে নিজের জায়গা থেকে বিএনপির কর্মী বাড়াতে হবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে কিছু বলার দরকার নাই। আমরা আমাদের সদস্য বাড়াতে পারলে, তারা আমাদের কাছে পরাজিত হবে। আর বিএনপি টিকে থাকলে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার স্মৃতি বেঁচে থাকবে।

/এফআর/