শিরোনাম

পবিত্র কাবাকে কেন্দ্র করে বিশাল পরিকল্পনা

সিটিজেন ভিডিও ডেস্ক
সিটিজেন ভিডিও ডেস্ক
পবিত্র কাবাকে কেন্দ্র করে বিশাল পরিকল্পনা

মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কার গ্র্যান্ড মসজিদকে ঘিরে বিশাল উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। এই পরিকল্পনার আওতায় একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে মসজিদের পাশেই নির্মিত হবে আকাশচুম্বী অট্টালিকা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসলমানদের জন্য এতে থাকবে আধুনিক থাকার ব্যবস্থা, আতিথেয়তা ও নামাজ আদায়ের সুযোগ।

প্রকল্পটির নাম রাখা হয়েছে কিং সালমান গেট। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ১২ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এতে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধার পাশাপাশি ইনডোর ও আউটডোরে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো নতুন এই প্রকল্পের একটি ভিডিওতে দেখা গেছে, মক্কা নগরীর পাশ দিয়ে সুবিশাল উঁচু উঁচু ভবনগুলো দাঁড়িয়ে আছে। এর ওপরে দিয়ে উড়ে যাচ্ছে শান্তির পায়রা। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে রুয়া আলহারাম আলমাক্কি নামের একটি প্রতিষ্ঠান। নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

২০৩০ সালের মধ্যে পবিত্র নগরী মক্কায় ৩ কোটি হজ যাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্যে ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে সৌদি আরব। অন্যান্য মেগা প্রজেক্টের পাশাপাশি মক্কা-মদিনাকে ঘিরে এই পরিকল্পনা সাজিয়েছে সৌদি। কারণ পবিত্র এই নগরীকে ঘিরে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বিশেষ এক আকর্ষণ আছে।