শিরোনাম

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে গ্রেপ্তারে ডিআরইউর উদ্বেগ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে গ্রেপ্তারে ডিআরইউর উদ্বেগ
প্রতীকী ছবি

সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে তার মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ জুন) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে একটি সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়। পাশাপাশি একই পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসানকেও মামলায় আসামি করা হয়।

এ ঘটনায় বিবৃতিতে ডিআরইউর নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে একজন সাংবাদিককে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক। কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য দেশে প্রচলিত আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

তারা আরও বলেন, মানহানির অভিযোগে মামলা দায়েরের ক্ষেত্রে যার মানহানি হয়েছে কেবলমাত্র তিনিই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অন্য কেউ তার পক্ষে মামলা করতে পারেন না। এরপর কোনো অভিযোগের যথাযথ তদন্ত ও যাচাই-বাছাই ছাড়াই একজন সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনা উদ্বেগজনক।

ডিআরইউর নেতৃবৃন্দ দাবি করে বলেন, সংবাদ প্রকাশের মতো বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি সাংবাদিকের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা প্রয়োজন। মামলা, গ্রেপ্তার ও হয়রানির মাধ্যমে গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বাধাগ্রস্ত হয়।

ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মো. রেজানুর ইসলামের মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপদ, স্বাধীন ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

/এফআর/