১ম-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
১ম-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি
জাতীয় প্রেসক্লাবের সামনে ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন চাকরিপ্রার্থীরা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে শিক্ষা ভবনসহ শিক্ষা প্রশাসনে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সংবাদ সম্মেলন শেষে ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কয়েক হাজার প্রার্থী। এ সময় তিন দফা দাবি বাস্তবায়নে সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তারা।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা জানান, গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে একটি অনলাইন পোর্টালের সম্পাদক সিদ্দিকুর রহমান খান ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদ জানানো এবং নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এ কর্মসূচি পালন করছেন।

সমাবেশে বক্তারা বলেন, তারা তাঁদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধান প্রত্যাশা করেন তারা। এ সময় গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীদের দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিরোধিতাকারী ওই ব্যক্তির উত্থান ফ্যাসিস্ট আমলে। নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার ছিলেন বলে অভিযোগ করেন তারা। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সচিবদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ওই সময়ে তিনি শিক্ষা ভবন নিয়ন্ত্রণ করতেন বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, বর্তমান সরকারের সময়েও ওই ব্যক্তির দালালি ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে। ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগ দেওয়া হলে এ খাত থেকে চাঁদাবাজির সুযোগ বন্ধ হয়ে যাবে বলে মনে করেন চাকরিপ্রার্থীরা। এ কারণে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ সুপারিশ করা হয়েছিল।

/এমআর/