শিরোনাম

৩০ জুনের মধ্যে জমির খাজনা পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
৩০ জুনের মধ্যে জমির খাজনা পরিশোধের নির্দেশ
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ পরিশোধের জন্য ভূমি মালিকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে জমি সুরক্ষিত রাখতে অনলাইন পদ্ধতিতে কর পরিশোধের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এখন ঘরে বসেই অনলাইনে খাজনা পরিশোধ করা যাচ্ছে। এ জন্য নাগরিকদের land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোতসংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কার্ডের মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করা যাবে।

মন্ত্রণালয়ের ভাষ্য, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট, সহজ ও স্বচ্ছ করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তী সময়ে বকেয়ার ওপর সুদ যুক্ত হতে পারে।

সাধারণত সরকারি অর্থবছর শেষ হয় ৩০ জুন। তাই ওই সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করলে আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অনলাইন ব্যবস্থা চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না। এতে সাধারণ মানুষের সময় ও খরচ– দুটিই কমছে। ভূমি মন্ত্রণালয় আশা করছে, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

/এফসি/